• Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।
  • Separator
  • দাওয়াহ, জ্ঞান ও সেবায় সমৃদ্ধ উম্মাহ গড়তে সাথে থাকুন।
  • Separator
  • প্রতি শুক্রবার নিয়মিত ইসলাহী প্রোগ্রাম এবং প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার দারুসুল কুরআন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়—স্থান: সুত্রাপুর, বগুড়া।
  • Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।
  • Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।
  • Separator
  • দাওয়াহ, জ্ঞান ও সেবায় সমৃদ্ধ উম্মাহ গড়তে সাথে থাকুন।
  • Separator
  • প্রতি শুক্রবার নিয়মিত ইসলাহী প্রোগ্রাম এবং প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার দারুসুল কুরআন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়—স্থান: সুত্রাপুর, বগুড়া।
  • Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।

ইসলামী সমাজ

মানব ইতিহাসে আদর্শ সমাজ প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ। আল্লাহ তা’আলার সাহায্য, ওহীর দিকনির্দেশনা এবং সাহাবায়ে কেরামের আত্মত্যাগের মাধ্যমে-- তিনি এমন এক সমাজ নির্মাণ করেছিলেন, যা কেবল একটি রাষ্ট্র বা সভ্যতা ছিল না; বরং ছিল ন্যায়-ইনসাফ, মানবতা, ভ্রাতৃত্ব, নৈতিকতা ও আল্লাহভীতির জীবন্ত প্রতিচ্ছবি। পৃথিবীর ইতিহাসে এমন সুষম, ভারসাম্যপূর্ণ ও কল্যাণমুখী সমাজব্যবস্থা খুব কমই দেখা গেছে।

রাসূলুল্লাহ ﷺ-এর গড়ে তোলা সেই সমাজে মানুষ শুধু নামমাত্র মুসলিম ছিল না; বরং তাদের বিশ্বাস, চিন্তা, স্বভাব-চরিত্র, আচরণ-ব্যবহার, অর্থনীতি, রাজনীতি ও পারিবারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তব প্রতিফলন দেখা যেত। ইসলাম তাদের কাছে শুধু কিছু ইবাদত বা ধর্মীয় আনুষ্ঠানিকতার নাম ছিল না; বরং জীবন পরিচালনার পূর্ণাঙ্গ বিধান ছিল। ফলে তাদের সমাজে আধ্যাত্মিকতা ও বাস্তবতার এক অপূর্ব সমন্বয় সৃষ্টি হয়েছিল।

সে সমাজের অন্যতম বৈশিষ্ট্য ও সৌন্দর্য ছিল—মানবিক মর্যাদা ও সাম্যের চেতনা। সেখানে ধনী-গরিব, শাসক-প্রজা, আরব-অনারব, কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গের মধ্যে কোনো অহংকার বা বৈষম্যের স্থান ছিল না। মানুষের প্রকৃত মর্যাদার ভিত্তি ছিল তাকওয়া, ঈমান ও চরিত্র। তাই ইসলামের ছায়াতলে সবাই নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার লাভ করেছিল।

রাসূলুল্লাহ ﷺ ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম--বিশেষত খোলাফায়ে রাশেদীন তাঁর প্রতিষ্ঠিত সেই আদর্শ সমাজব্যবস্থাকে অত্যন্ত নিষ্ঠা, আমানতদারিতা ও দৃঢ়তার সঙ্গে সংরক্ষণ করেন। হযরত আবু বকর সিদ্দীক (রা.), হযরত উমর ফারুক (রা.), হযরত উসমান (রা.) ও হযরত আলী (রা.) ইসলামের শিক্ষা ও নববী আদর্শকে বাস্তব জীবনে এমনভাবে বাস্তবায়ন করেছিলেন যে, তাদের যুগ মানবসভ্যতার ইতিহাসে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও আদর্শ সমাজ গঠনের স্বর্ণযুগ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।

বিশেষত খোলাফায়ে রাশেদীনের যুগে মুসলিম সমাজের সৌন্দর্য ও শক্তি সর্বাধিক উজ্জ্বলভাবে প্রকাশ পেয়েছিল। সে সময়ের মুসলমানরা ছিলেন গভীর ঈমানদীপ্ত, চরিত্রবান, দায়িত্বশীল ও আত্মত্যাগী। তাদের জীবন ছিল সত্যনিষ্ঠ, সততা, আমানতদারিতা, পবিত্রতা ও পারস্পরিক ভালোবাসায় পরিপূর্ণ। অন্যায়-অপরাধ, জুলুম-নির্যাতন, অশ্লীলতা-বেহায়াপনা, ধোঁকা-প্রতারণা, ও অনৈতিকতার দখল ছিল খুবই সীমিত।

খোলাফায়ে রাশেদীনের সেই সমাজের কিছু বিশেষ বৈশিষ্ট্য ইতিহাসে এক অনন্য আদর্শ হিসেবে স্থান করে নিয়েছে। সর্বপ্রথম ছিল গভীর ঈমান ও ইসলামী জীবনব্যবস্থা। সে যুগের মানুষের জীবনে ইসলাম ছিল কেন্দ্রীয় শক্তি। নামায, রোযা ও ইবাদতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পারিবারিক সম্পর্ক, সামাজিক আচরণ, প্রতিবেশীর অধিকার ও রাষ্ট্র পরিচালনা—সবকিছু ইসলামের আলোকে পরিচালিত হতো। যদিও সমাজের সবাই একই মানের ছিল না, তবুও সমাজের মূল প্রবাহ ছিল ঈমানদার, সৎ ও আল্লাহভীরু মানুষের হাতে। ফলে অসৎ ও অপশক্তি শত চেষ্টার পরেও সমাজকে বিপথগামী করতে সক্ষম হয়নি।

সে সমাজে প্রকৃত “উম্মাহ”র বাস্তব রূপ দেখা গিয়েছিল। জাতি, ভাষা, বর্ণ বা ভূখণ্ড নয়; বরং ঈমান ও আকীদাই ছিল মানুষের আসল পরিচয়। আরব, অনারব, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, পারসিক ও রোমান—সবাই ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিল। ইসলামের এই বৈষম্যহীন ও মানবিক সমাজব্যবস্থা বিজিত জাতিগুলোকেও গভীরভাবে প্রভাবিত করেছিল।

খোলাফায়ে রাশেদীনের সমাজ ছিল উচ্চ নৈতিকতাসম্পন্ন সমাজ। সততা, আমানতদারিতা, লজ্জাশীলতা, পবিত্রতা, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা ছিল সাধারণ বৈশিষ্ট্য। অশ্লীলতা, মিথ্যা, প্রতারণা, অপবাদ ও অনৈতিকতা ছিল অত্যন্ত বিরল। শুধু ব্যক্তিগত জীবন নয়; রাজনীতি, অর্থনীতি ও সামাজিক সম্পর্কেও নৈতিকতা ছিল প্রধান ভিত্তি।

সাহাবীদের সমাজ ছিল কর্মমুখর ও দায়িত্বশীল সমাজ। তারা অলসতা, বিলাসিতা ও অর্থহীন বিনোদনে ডুবে থাকতেন না; বরং জ্ঞানচর্চা, ইবাদত, দাওয়াহ, সমাজসংস্কার ও মানবকল্যাণে সর্বদা সচেষ্ট ছিলেন। তাদের চিন্তা ও লক্ষ্য ছিল দুনিয়ার সাময়িক ভোগের চেয়ে অনেক উঁচু।

সে সমাজের প্রতিটি মানুষ যেন ইসলামের জন্য সদা প্রস্তুত সৈনিকের ভূমিকায় ছিল। যুদ্ধক্ষেত্র, শিক্ষা, দাওয়াহ, সমাজসেবা কিংবা প্রশাসন—সব ক্ষেত্রেই তারা দায়িত্ব পালনেস্বতঃস্ফূর্তভাবে সবসময় প্রস্তুত থাকতেন। এই প্রস্তুতি কোনো রাষ্ট্রীয় চাপের ফল ছিল না; বরং ঈমান, তাকওয়া ও আখিরাতের জবাবদিহিতার অনুভূতি থেকেই তারা এমন আত্মত্যাগী মানসিকতা অর্জন করেছিলেন।

তাদের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল ইবাদতমুখী জীবনদৃষ্টি। সাহাবায়ে কেরামের কাছে ইবাদত শুধু মাসজিদকেন্দ্রিক ছিল না; বরং জীবনের প্রতিটি হালাল ও কল্যাণকর কাজই ছিল ইবাদতের অংশ। শাসক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা করতেন ইবাদতের নিয়তে, শিক্ষক জ্ঞান দিতেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আর পরিবার পরিচালনাও ছিল তাদের কাছে এক ধরনের ইবাদত।

ইসলামী সমাজের সৌন্দর্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সুন্নাহর অনুসরণ ও বিদআত থেকে দূরে থাকা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতেন। তাদের কাছে নববী আদর্শই ছিল সত্য ও সঠিক পথের মানদণ্ড। তারা বিশ্বাস করতেন, আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র পথ হলো রাসূল ﷺ-এর সুন্নাহ অনুসরণ করা। এজন্য তারা দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন বা বিদআত থেকে সর্বদা সতর্ক থাকতেন।

এ সমাজের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য ছিল—সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ। মুসলমানরা শুধু নিজেরা ভালো কাজ করেই ক্ষান্ত থাকতেন না; বরং সমাজে ন্যায়-ইনসাফ, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য অন্যদেরও উৎসাহিত করতেন এবং অন্যায়, জুলুম ও পাপাচারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেন। এর ফলে সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। তারা এ দায়িত্ব পালন করতেন প্রজ্ঞা, কোমলতা ও উত্তম চরিত্রের মাধ্যমে।

মুসলিম সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল অত্যন্ত দৃঢ়। একজন মুসলমান অন্য মুসলমানের কষ্টকে নিজের কষ্ট মনে করত। সমাজে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও দায়িত্ববোধ এতটাই গভীর ছিল যে, পুরো সমাজ যেন একটি দেহের ন্যায় পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল। কেউ বিপদে পড়লে অন্যরা তার সাহায্যে এগিয়ে আসত। ধনী গরিবের পাশে দাঁড়াত, শক্তিশালী দুর্বলকে সহায়তা করত, আর সমাজের সবাই উম্মাহর কল্যাণ ও ঐক্যের জন্য চিন্তা করত।

এই মহান চরিত্র, নৈতিকতা ও ইনসাফপূর্ণ সমাজব্যবস্থাই ইসলামের দ্রুত বিস্তারের অন্যতম প্রধান কারণ ছিল। মানুষ মুসলমানদের স্বভাব-চরিত্র, আচার-ব্যবহার, আচরণ ও ন্যায়নীতি দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল। জোর-জবরদস্তির মাধ্যমে নয়; বরং ইসলামের সৌন্দর্য ও মুসলমানদের আদর্শ জীবন দেখে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছিল।

খোলাফায়ে রাশেদীনের যুগ আমাদের শেখায়—ইসলাম কেবল কল্পনার আদর্শ নয়; বরং বাস্তব জীবনে প্রতিষ্ঠা করা সম্ভব এমন, একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবসভ্যতা একবার এই আদর্শ সমাজের বাস্তব রূপ দেখেছে, তাই ভবিষ্যতেও ঈমান, আমল, নৈতিকতা ও আত্মত্যাগের মাধ্যমে এমন সমাজ পুনর্গঠন সম্ভব। যখন মুসলিম উম্মাহ সত্যিকারভাবে ইসলামের শিক্ষা ও মূল্যবোধের দিকে ফিরে আসবে, তখন তারা আবারও সম্মান, শক্তি ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে পারবে।

ইসলামী পরিবারের বৈশিষ্ট্য ও সৌন্দর্য

মানবসমাজের মূল ভিত্তি হলো পরিবার। পরিবার থেকেই সমাজ গড়ে ওঠে, সমাজের চরিত্র তৈরি হয় এবং একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। তবে পৃথিবীর সব পরিবার একরকম নয়। প্রতিটি পরিবার তার চিন্তা, আদর্শ, মূল্যবোধ ও জীবনব্যবস্থার কারণে স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে। আর ইসলামী পরিবার হলো, এমন এক আদর্শ পরিবারব্যবস্থা--যা আল্লাহর বিধান ও ইসলামের শিক্ষার ভিত্তিতে গড়ে ওঠে। এ পরিবার শুধু রক্তের সম্পর্কের একটি কাঠামো নয়; বরং এটি ঈমান, নৈতিকতা, দায়িত্ববোধ, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার এক সুন্দর বন্ধন।

ইসলামী পরিবারের সবচেয়ে বড় সৌন্দর্য হলো—এটি মানুষের তৈরি কোনো পরিবর্তনশীল দর্শনের উপর প্রতিষ্ঠিত নয়; বরং আল্লাহপ্রদত্ত চিরন্তন বিধানের উপর প্রতিষ্ঠিত। তাই সময়, দেশ, জাতি ও পরিবেশ ভিন্ন হলেও ইসলামী পরিবারের মৌলিক বৈশিষ্ট্য একই থাকে।

ইসলামী পরিবারের মৌলিক বৈশিষ্ট্য

১. ইসলামী পরিবার সর্বজনীন—পৃথিবীর বিভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির মুসলমানদের পরিবারে বাহ্যিক কিছু পার্থক্য থাকলেও ইসলামী পরিবারের মূল আদর্শ ও বৈশিষ্ট্য এক ও অভিন্ন। বাংলাদেশ, আরব, তুরস্ক, আফরিকা কিংবা অন্য যে দেশই হোক—ইসলামী পরিবারের ভিত্তি থাকে ঈমান, তাকওয়া, শালীনতা, দায়িত্ববোধ ও আল্লাহর আনুগত্যের উপর। এই একত্ব ইসলামের বিশ্বজনীনতারই প্রমাণ।

২. ইসলামী পরিবার পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না; বরং পরিবারজীবনের প্রতিটি দিকের জন্য সুন্দর দিকনির্দেশনা প্রদান করে। বিয়ে-শাদী, স্বামী-স্ত্রীর সম্পর্ক, সন্তান লালন-পালন, আত্মীয়তার সম্পর্ক, উত্তরাধিকার, ব্যয়-ব্যবস্থা, পারিবারিক দায়িত্ব—সবকিছু ইসলামে সুস্পষ্টভাবে নির্ধারিত। ফলে ইসলামী পরিবারে দায়িত্ব ও অধিকার উভয়ই ভারসাম্যপূর্ণভাবে বণ্টিত হয়।

৩. ইসলামী পরিবার স্থায়ী ও ভারসাম্যপূর্ণ—আধুনিক সমাজে পরিবার ভাঙনের হার দিন দিন বাড়ছে। কিন্তু ইসলামী পরিবার স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের মাধ্যমে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে। ইসলামে পরিবারকে শুধু সাময়িক ভোগ বা ব্যক্তিস্বাধীনতার মাধ্যম হিসেবে দেখা হয় না; বরং এটি একটি পবিত্র আমানত ও সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচিত। তাই ইসলামী পরিবারে ধৈর্য, ক্ষমা, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেওয়া হয়।

৪. ইসলামী পরিবার নৈতিকতা ও পবিত্রতার প্রতীক—ইসলামী পরিবার লজ্জাশীলতা, পবিত্রতা ও নৈতিকতার উপর প্রতিষ্ঠিত। এখানে সম্পর্কের ভিত্তি হলো বৈধতা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতা। অশ্লীলতা, অবাধ সম্পর্ক, পারিবারিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় ইসলামী পারিবারিক ব্যবস্থার পরিপন্থী। ইসলামী পরিবার সন্তানদের চরিত্রবান, শিষ্টাচারসম্পন্ন ও দ্বীনদার হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকে।

ইসলামী পরিবারে বিয়ে ও দাম্পত্যজীবন

ইসলামে বিয়ে শুধু সামাজিক চুক্তি নয়; বরং এটি একটি ইবাদত এবং পবিত্র বন্ধন। বিয়ের মাধ্যমে নারী-পুরুষ পরস্পরের শান্তি, ভালোবাসা ও নিরাপত্তার কারণ হয়।

“আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হলো-- তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও; আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।”

ইসলাম বৈধ ও শালীন পারিবারিক জীবনকে উৎসাহিত করেছে। একইসঙ্গে পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের শিক্ষা দিয়েছে।

পরিবারে দায়িত্ব বণ্টনের সৌন্দর্য

ইসলামী পরিবারে নারী ও পুরুষ উভয়েই সম্মানিত। তবে তাদের দায়িত্ব ও ভূমিকা এক নয়। ইসলাম নারী-পুরুষকে প্রতিযোগী হিসেবে নয়; বরং একে অপরের সহযোগী হিসেবে দেখেছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।”

পরিবারের প্রধান দায়িত্ব পুরুষের উপর অর্পণ করা হয়েছে। তাকে উপার্জন, নিরাপত্তা ও সার্বিক অভিভাবকত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নারীকে পরিবারের অভ্যন্তরীণ পরিবেশ, সন্তান লালন-পালন ও পারিবারিক শান্তি রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটি কোনো বৈষম্য নয়; বরং মানুষের স্বাভাবিক গঠন, সামর্থ্য ও মানসিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দায়িত্ববণ্টন।

ইসলামী পরিবারে নারীর মর্যাদা

ইসলাম নারীকে অবহেলা করেনি; বরং তাকে মা, স্ত্রী, কন্যা ও বোন হিসেবে সম্মানিত ও মর্যাদা দিয়েছে। ইসলামে নারীর সম্পদের অধিকার রয়েছে, শিক্ষার অধিকার রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কাজ করার সুযোগও রয়েছে। তবে ইসলাম চায়—পরিবার ও সন্তানদের অধিকার যেন অবহেলিত না হয় এবং পরিবারব্যবস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয়। মা হিসেবে একজন নারীর মর্যাদা ইসলামে এত বেশি যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“জান্নাত মায়ের পদতলে।”

ইসলামী পরিবারের বাহ্যিক বৈশিষ্ট্য

বিশেষ কিছু গুণ ইসলামী পরিবারকে সহজেই অন্য পরিবার থেকে আলাদা করে তোলে। যেমন—পরিবারে দ্বীনি পরিবেশ ও আল্লাহর স্মরণ থাকে। নামায, কুরআন তিলাওয়াত ও ইসলামী শিক্ষা গুরুত্ব পায়। পারস্পরিক শ্রদ্ধা, সালাম ও সুন্দর আচরণ প্রচলিত থাকে। হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেওয়া হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়। সন্তানদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়। অপচয়, অশ্লীলতা ও অনৈতিকতা থেকে পরিবারকে রক্ষা করা হয়।

ইসলামী পরিবার সমাজের ভিত্তি

একটি ভালো পরিবার থেকেই ভালো সমাজ গড়ে ওঠে। পরিবার যদি সুশৃঙ্খল, নৈতিক ও ঈমানভিত্তিক হয়, তাহলে সমাজেও শান্তি, নিরাপত্তা ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়। ইসলামী পরিবার সন্তানদের শুধু শিক্ষিতই নয়; বরং দায়িত্ববান, চরিত্রবান ও আল্লাহভীরু মানুষ হিসেবে গড়ে তোলে। ফলে পরিবার সমাজ সংস্কার ও সভ্যতা নির্মাণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ইসলামী পরিবারের বর্তমান সংকট

আজ মুসলিম সমাজের বহু পরিবার বিভিন্ন সংকটে আক্রান্ত। এর প্রধান কারণ হলো, ইসলামী আদর্শ থেকে দূরে সরে যাওয়া। পারিবারিক অশান্তি, বিবাহবিচ্ছেদ, দায়িত্বহীনতা, সন্তানদের নৈতিক অবক্ষয়, অতিরিক্ত ভোগবাদ, দ্বীনি শিক্ষার অভাব ও অর্থনৈতিক সংকট—এসব সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এসব সংকটের মূল সমাধান ইসলামের শিক্ষার মধ্যেই নিহিত রয়েছে। যখন পরিবারগুলো পুনরায় কুরআন ও সুন্নাহর দিকনির্দেশনার দিকে ফিরে আসবে, তখন পারিবারিক শান্তি ও সৌন্দর্য আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ।

ইসলামী সমাজ কেবল একটি সামাজিক কাঠামোর নাম নয়; বরং এটি এমন একটি জীবনব্যবস্থা, যার ভিত্তি স্থাপিত হয়েছে আল্লাহর প্রতি ঈমান, নবী ﷺ-এর অনুসরণ এবং আখিরাতের জবাবদিহিতার চেতনার ওপর। এই সমাজের মূল উদ্দেশ্য হলো মানুষের দুনিয়াবি কল্যাণ ও আখিরাতের মুক্তি নিশ্চিত করা।

ইসলামী সমাজের প্রথম ও প্রধান ভিত্তি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। একজন মুসলমান বিশ্বাস করে—সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব ও বিধানদানের অধিকার একমাত্র আল্লাহর। এই বিশ্বাস মানুষের অন্তরে আল্লাহভীতি, দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতা সৃষ্টি করে। ফলে সে অন্যায়, জুলুম ও সীমালঙ্ঘন থেকে বিরত থাকে।

দ্বিতীয় ভিত্তি হলো রিসালাত। রাসূলুল্লাহ ﷺ মানবজাতির জন্য আদর্শ জীবনব্যবস্থা নিয়ে এসেছেন। তাঁর শিক্ষা, চরিত্র ও আদর্শ অনুসরণ করেই ইসলামী সমাজ গড়ে ওঠে। তাই ইসলামী সমাজে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বত্র সুন্নাহর প্রভাব বিদ্যমান থাকে।

তৃতীয় ভিত্তি হলো আখিরাতের বিশ্বাস। একজন মুসলমান জানে—দুনিয়ার প্রতিটি কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জবাবদিহিতার অনুভূতি মানুষকে সৎ, ন্যায়বান ও দায়িত্বশীল করে তোলে। ফলে সমাজে অন্যায়-অপরাধ, দুর্নীতি ও অবিচার কমে আসে।

ইসলামী সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো ন্যায়বিচার। ইসলাম ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। ইসলামী সমাজে ধনী-গরিব, সবল-দুর্বল কিংবা শাসক-প্রজার জন্য আলাদা আইন নেই; বরং সবাই ন্যায়ের দৃষ্টিতে সমান।

ভ্রাতৃত্ব ও মানবতা ইসলামী সমাজের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য। মুসলমানরা পরস্পর ভাই ভাই—এই বিশ্বাস সমাজে ভালোবাসা, সহযোগিতা ও পারস্পরিক দায়িত্ববোধ সৃষ্টি করে। একই সঙ্গে ইসলাম অমুসলিমদের প্রতিও ন্যায়, সদাচার ও মানবিক আচরণের শিক্ষা দেয়।

নৈতিকতা ও পবিত্রতাও ইসলামী সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। সত্যবাদিতা, আমানতদারিতা, লজ্জাশীলতা, ধৈর্য, সহানুভূতি, ক্ষমাশীলতা ও আত্মসংযম—এসব গুণ ইসলামী সমাজকে সৌন্দর্যমণ্ডিত করে। পক্ষান্তরে মিথ্যা, প্রতারণা, সুদ, ঘুষ, অশ্লীলতা, অপবাদ ও জুলুমকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে।

ইসলামী সমাজ জ্ঞান, কর্ম ও সভ্যতার সমাজ। ইসলাম মানুষকে জ্ঞানার্জন, গবেষণা, চিন্তাচর্চা ও মানবকল্যাণমূলক কাজে উৎসাহিত করে। তাই ইসলামের সোনালি যুগে মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে বিশ্বনেতৃত্ব দিয়েছিল।

সবশেষে ইসলামী সমাজের প্রাণশক্তি হলো ইবাদত ও তাকওয়া। যখন ব্যক্তি ও সমাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে, তখন তাদের চরিত্র, চিন্তা ও কর্মে ইতিবাচক পরিবর্তন আসে। আর তখনই একটি সমাজ সত্যিকার অর্থে শান্তি, ন্যায় ও কল্যাণের সমাজে পরিণত হয়।

আল্লাহ তাআলা বলেন—

“তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে অবশ্যই পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি তাদের পূর্ববর্তীদের প্রতিনিধিত্ব দান করেছিলেন। তিনি তাদের জন্য তাদের পছন্দনীয় দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন এবং ভয়-ভীতির পরিবর্তে তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমারই ইবাদত করবে এবং আমার সঙ্গে কাউকে শরিক করবে না।”

ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা শুধু ইবাদত-বন্দেগী বা ব্যক্তিগত আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক আচরণ, প্রতিবেশীর অধিকার, মানবিকতা, ন্যায়বিচার এবং অন্যের হক আদায়ের প্রতিও সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। ইসলামী সমাজব্যবস্থার অন্যতম সৌন্দর্য হলো—এখানে প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত, সম্মানিত ও সুরক্ষিত। মুসলিম হোক কিংবা অমুসলিম, আত্মীয় হোক কিংবা প্রতিবেশী—সবার প্রতি সদাচরণ, ন্যায়বিচার ও কল্যাণকামিতা ইসলামের মৌলিক শিক্ষা।

ইসলামী সমাজের ভিত্তি দাঁড়িয়ে আছে আমানতদারিতা, ন্যায়বিচার, মানবিকতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধের উপর। তাই একজন মুসলমান শুধু নিজের ইবাদত নিয়েই ব্যস্ত থাকে না; বরং অন্য মানুষের অধিকার রক্ষা, কষ্ট দূর করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠাকেও নিজের ঈমানি দায়িত্ব মনে করে।

আমানতদারিতা ও ন্যায়বিচার

ইসলাম মানুষের জীবনে আমানতদারিতা ও ন্যায়বিচারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন—

“নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন—তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায়বিচারের সঙ্গে বিচার করবে।”

আমানত শুধু অর্থ-সম্পদ নয়; দায়িত্ব, পদ, গোপন তথ্য, মানুষের অধিকার—সবই আমানতের অন্তর্ভুক্ত। একজন মুসলমানের দায়িত্ব হলো, প্রতিটি আমানত সততা ও পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে আদায় করা। একইভাবে বিচার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ইসলাম আত্মীয়-স্বজন, বন্ধু বা শত্রুর পার্থক্য না করে ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। এমনকি শত্রুর প্রতিও অন্যায় করা ইসলামে নিষিদ্ধ। কারণ ন্যায়বিচারই একটি সুস্থ ও নিরাপদ সমাজের মূল ভিত্তি।

মানুষের সঙ্গে উত্তম আচরণ ও সুন্দর ভাষা

ইসলাম মানুষের সঙ্গে উত্তম আচরণ ও সুন্দর ভাষায় কথা বলার শিক্ষা দেয়। কটু কথা, গালি, অপমান, বিদ্রূপ ও অশ্লীল বাক্য একজন মুমিনের চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা বলেন—

“মানুষের সঙ্গে উত্তম কথা বলো।”

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“মুমিন গালি দেয় না, অভিশাপ করে না, অশ্লীল ও কদর্য ভাষায় কথা বলে না।”

ইসলাম মানুষের অন্তরকে আঘাত করতে নিষেধ করেছে। কারণ একটি কটু বাক্য মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। তাই ইসলামী সমাজে ভাষা হয় কোমল, আচরণ হয় মার্জিত এবং সম্পর্ক হয় সম্মানপূর্ণ।

অন্যের প্রতি জুলুম ও নির্যাতন থেকে বিরত থাকা

ইসলাম সব ধরনের জুলুম, নির্যাতন ও সীমালঙ্ঘনকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। যুদ্ধক্ষেত্রেও ইসলাম মানবিকতা ও সংযমের শিক্ষা দিয়েছে। নারী, শিশু, বৃদ্ধ, নিরীহ মানুষ কিংবা গাছপালা ধ্বংস করাও ইসলামে অন্যায় হিসেবে গণ্য। রাসূলুল্লাহ ﷺ অমুসলিম নাগরিকদের প্রতিও অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন। তিনি বলেছেন—

“যে ব্যক্তি কোনো অমুসলিম নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির উপর জুলুম করবে, তার অধিকার নষ্ট করবে বা অন্যায়ভাবে কিছু গ্রহণ করবে—কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে অভিযোগকারী হব।”

এ শিক্ষা প্রমাণ করে, ইসলামী সমাজে শুধু মুসলমানদের নয়; বরং সকল মানুষের জীবন, সম্পদ ও সম্মান সুরক্ষিত।

অপবাদ, কু-ধারণা ও মিথ্যা অভিযোগ থেকে বেঁচে থাকা

ইসলাম মানুষকে অপবাদ, মিথ্যা অভিযোগ, কু-ধারণা ও অন্যের দোষ অনুসন্ধান থেকে কঠোরভাবে বিরত থাকতে বলেছে। নিরপরাধ কাউকে দোষারোপ করা ইসলামে বড় গুনাহ। কারণ মিথ্যা অভিযোগ মানুষের সম্মান নষ্ট করে, পরিবার ধ্বংস করে এবং সমাজে অবিশ্বাস ও বিভেদ সৃষ্টি করে। তাই ইসলামী সমাজে মানুষের সম্মান ও মর্যাদা অত্যন্ত মূল্যবান।

গীবত, চোগলখোরি ও সামাজিক বিভেদ থেকে বিরত থাকা

গীবত, পরনিন্দা ও চোগলখুরি সমাজ ধ্বংসের অন্যতম বড় কারণ। ইসলাম এসবকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। গীবত এমন এক অপরাধ, যা মানুষের সম্মানকে নীরবে হত্যা করে। রাসূলুল্লাহ ﷺ গীবতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন—

“তোমার ভাইয়ের এমন কথা বলা, যা সে অপছন্দ করে—এটাই গীবত।”

চোগলখুরি মানুষের সম্পর্ক নষ্ট করে, পরিবার ভেঙে দেয় এবং সমাজে অশান্তি সৃষ্টি করে। তাই ইসলামী সমাজে মানুষের গোপনীয়তা রক্ষা, দোষ গোপন রাখা এবং সম্পর্ক সুন্দর রাখাকে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে।

প্রতিবেশীর অধিকার

ইসলামে প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিসে প্রতিবেশীর সঙ্গে সদাচরণের ব্যাপারে বারবার নির্দেশ এসেছে। আল্লাহ তাআলা বলেন—

“পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতিম, মিসকীন, নিকটবর্তী প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো।”

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“জিবরীল (আ.) আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকলেন যে, আমার মনে হলো—হয়তো প্রতিবেশীকেও উত্তরাধিকারী বানানো হবে।”

আরেক হাদিসে এসেছে—

“সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়।”

ইসলাম শুধু মুসলিম প্রতিবেশীর নয়; অমুসলিম প্রতিবেশীর প্রতিও সদাচরণ, সহানুভূতি ও সহযোগিতার শিক্ষা দিয়েছে। অসুস্থ হলে খোঁজ নেওয়া, প্রয়োজনে সাহায্য করা, কষ্ট না দেওয়া—এসব ইসলামী সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

মানুষের হক আদায় ও ঋণ পরিশোধ

মানুষের হক আদায় ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারও সম্পদ আত্মসাৎ করা, ঋণ পরিশোধে অবহেলা করা বা অন্যের অধিকার নষ্ট করা বড় গুনাহ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“শহীদের সব গুনাহ মাফ করা হবে, কিন্তু ঋণ মাফ করা হবে না।”

এ কারণেই ইসলামে মানুষের হককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কিয়ামতের দিন নামায, রোযা ও ইবাদত থাকার পরও মানুষের হক নষ্টকারীরা নিঃস্ব হয়ে যাবে--যদি তারা দুনিয়াতে মানুষের অধিকার আদায় না করে।

মুসলমানদের পারস্পরিক অধিকার

ইসলাম মুসলমানদের পারস্পরিক সম্পর্ককে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে। সালামের জবাব দেওয়া, অসুস্থের খোঁজ নেওয়া, দাওয়াত গ্রহণ করা, জানাজায় অংশগ্রহণ করা—এসব মুসলমানের উপর মুসলমানের অধিকার। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর জুলুম করে না, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না।”

অন্য মুসলমানের কষ্ট দূর করা, তার প্রয়োজন পূরণ করা এবং বিপদে পাশে দাঁড়ানো ইসলামী চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

মানুষের দোষ গোপন রাখা ও সাহায্য করা

ইসলাম মানুষের দোষ প্রকাশ করতে নয়; বরং তা গোপন রাখতে উৎসাহ দেয়। কেউ ভুল করলে তাকে অপমান না করে সংশোধনের সুযোগ দেওয়া ইসলামী নৈতিকতার অংশ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।”

একইভাবে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, অসুস্থের সেবা করা, বিপদগ্রস্তকে সাহায্য করা—এসব কাজ আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়।

তাকফীর, বিদ্বেষ ও অপমান থেকে বেঁচে থাকা

কাউকে অকারণে কাফির বলা বা তার ঈমান নিয়ে বিদ্রূপ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ইসলাম মুসলমানদের মধ্যে ভালোবাসা, সম্মান ও ভ্রাতৃত্ব বজায় রাখতে নির্দেশ দিয়েছে। একইভাবে উপহাস, বিদ্রূপ, অপমানসূচক উপাধি এবং মানুষকে হেয় করাও ইসলামী আদর্শের পরিপন্থী। কারণ একজন মানুষ আল্লাহর কাছে সম্মানিত হতে পারে, যদিও দুনিয়ার চোখে সে সাধারণ।

রাস্তা ও জনসাধারণের হক

ইসলাম জনসাধারণের পথঘাট, পরিবেশ ও সামাজিক নিরাপত্তার প্রতিও গুরুত্ব দিয়েছে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকেও রাসূলুল্লাহ ﷺ সদকার কাজ হিসেবে বর্ণনা করেছেন।

এ শিক্ষা প্রমাণ করে, ইসলামী সমাজ শুধু আধ্যাত্মিক নয়; বরং পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব সমাজ গঠনের দিকেও সমান গুরুত্ব দেয়।

ক্ষমা, সহনশীলতা ও হৃদয়ের পবিত্রতা

ইসলামী সমাজের অন্যতম সৌন্দর্য হলো—ক্ষমাশীলতা ও সহনশীলতা। ইসলাম প্রতিশোধের চেয়ে ক্ষমাকে অধিক মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন—

“যে ক্ষমা করে ও সংশোধন করে, তার প্রতিদান আল্লাহর দায়িত্বে।”

একজন মুসলমান মানুষের ভুলত্রুটি ক্ষমা করে, সম্পর্ক রক্ষা করে এবং হৃদয়ে বিদ্বেষ পোষণ না করার চেষ্টা করে। কারণ ক্ষমাশীলতা মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে।

ইসলামী সমাজব্যবস্থা এমন এক মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজের শিক্ষা দেয়, যেখানে প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত থাকে। এখানে প্রতিবেশী নিরাপদ, দুর্বল মানুষ সুরক্ষিত, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত এবং পারস্পরিক সম্পর্ক ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের উপর প্রতিষ্ঠিত।

আজকের পৃথিবীতে অশান্তি, বিদ্বেষ, অবিচার ও স্বার্থপরতার যে ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে, তার কার্যকর সমাধান নিহিত রয়েছে ইসলামের এই মহান শিক্ষাগুলোর মধ্যেই। যখন মানুষ ইসলামের নির্দেশনা অনুযায়ী পরস্পরের হক আদায় করবে, জুলুম-নির্যাতন ও বিদ্বেষ থেকে দূরে থাকবে এবং মানবিকতা ও নৈতিকতার চর্চা করবে-- তখনই সমাজে শান্তি, সৌহার্দ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।